আজ মানিক সাহার মৃত্যুবার্ষিকী
আজ ১৫ জানুয়ারি সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী। দুর্বৃত্তদের পৈশাচিক বোমা হামলায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর এলাকায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। সময়ের হিসাবে মানিক সাহা খুন হওয়ার দীর্ঘ ২০ বছর পূর্ণ হচ্ছে আজ।
মানিক সাহা দৈনিক সংবাদ ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন। এর আগে খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল সম্প্রচারমাধ্যম একুশে টেলিভিশনের যাত্রালগ্ন থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত এর খুলনা বিভাগীয়প্রধান ছিলেন মানিক সাহা; কিন্তু তার কণ্ঠস্বর এখনো অনেকের কানে লেগে আছে। তিনি বিবিসির মানিক সাহা হিসেবে সবার কাছে খুব বেশি পরিচিতি পেয়েছিলেন।
মানিক সাহার নির্মম হত্যাকাণ্ডের পর দেশের সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিন্দা ও প্রতিবাদের যে ঝড় উঠেছিল, এই হত্যাকাণ্ডের ১২ বছর পর ২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১১ জন আসামির ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দেয়া হয়; কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনের ঘটনা আজও উদ্ঘাটিত হয়নি বলে মনে করেন দেশের সাংবাদিক সমাজ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে