Views Bangladesh Logo

মোহাম্মদপুরে বিড়াল হত্যার ঘটনায় আসামির ছয় মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। পরে রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জানান, গত ২ ডিসেম্বর মামলাটিতে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়াল নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ার পরও তিনি পায়ের চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দেন।

পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। গত বছরের ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ