Views Bangladesh Logo

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে যুবক নিহত, গর্ভবতী স্ত্রী আহত

রাজধানীর সদরঘাটে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং তার গর্ভবতী স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) এ ঘটনা ঘটে।

নিহত সোহেল (২২) বরিশালের মেহেন্দিগঞ্জের বাসিন্দা। তিনি স্ত্রী রেশমা আক্তার রেবা (২০)-কে নিয়ে বাড়ি ফেরার জন্য লঞ্চে উঠছিলেন, এ সময় দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত রেশমা আক্তার রেবাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড)-এ ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যস্ত এই টার্মিনালে যাত্রী ওঠানামার সময় বিকেলে এমভি ‘আসা-যাওয়া-৫’ ও এমভি ‘জাকির সম্রাট-৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং বাবা-ছেলেসহ দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে ট্রলারের সাহায্যে যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় হঠাৎ পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) লঞ্চটি ধাক্কা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, নিখোঁজের বিষয়ে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত দুইজন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক দল কাজ করছে।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় একজন যাত্রী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন, যাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক নৌপুলিশ সদস্য জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে পৌঁছান। একটি লঞ্চে রক্তের চিহ্ন পাওয়া গেছে। নদী থেকে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে তার অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বর্তমানে তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ