Views Bangladesh Logo

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের কারাদণ্ড–জরিমানা

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ট্রাফিক নজরদারি এড়াতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি সংখ্যা ঢেকে সড়কে চলাচল করছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত তাকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২১ মে বিষয়টি পুলিশের নজরে এলে উদ্বেগ তৈরি হয়—এ ধরনের কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে পারে এই আশঙ্কায় গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।

আনিছুর রহমান বলেন, ছবিতে চালকের মুখ স্পষ্ট না থাকায় তাকে শনাক্ত করা সহজ ছিল না। পরে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহায়তায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং মোটরসাইকেলের ধরন ও নম্বরপ্লেট মিলিয়ে অনুসন্ধান চালানো হয়। এর ভিত্তিতে গতকাল সোমবার লালবাগ এলাকার বাসিন্দা লাবলু হককে (৩৮) গ্রেপ্তার করা হয়।

ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতার প্রশংসা করে এই কর্মকর্তা বলেন, অল্প সময়েই সড়কে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ঈদের ছুটিতে যানবাহন কম থাকলেও অনেককে স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলতে দেখা গেছে। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিকব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য, তবে কেউ প্রযুক্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আনিছুর রহমান আরও বলেন, ডিএমপির উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষকে সচেতন করা; সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলেন সেটিই কাম্য। তবে আইন ভঙ্গ হলে কঠোর অবস্থান বজায় থাকবে। নাগরিকদের সঙ্গে সর্বোচ্চ ভদ্র আচরণের নির্দেশনা পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে বলেও তিনি জানান। নতুন প্রযুক্তি চালুর পর তা ফাঁকি দেওয়ার নানা চেষ্টা হতে পারে, কিন্তু সিসিটিভি বিশ্লেষণসহ প্রযুক্তিগত অনুসন্ধানের সক্ষমতা পুলিশের অনেক বেড়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সিটিটিসির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এবং গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ