পল্লবীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক
রাজধানীর পল্লবীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এমদাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
থানার পরিদর্শক (অপারেশনস) হানিফ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মামলার কার্যক্রম শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
মতামত দিন