চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় নিজের ১০ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। রোববার রাতে (৯ মার্চ) বালুয়ার দিঘী পূর্ব পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির নাম প্রদীপ কুমার বণিক (৫২)। তিনি শহরের চকবাজার এলাকার মতি টাওয়ার মার্কেটে নিরাপত্তা রক্ষী।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ একটি দল প্রদীপ কুমার বণিককে আটক করে, যিনি তার ১০ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ভিকটিম তার মোবাইল ফোনে ধর্ষণের ঘটনার একটি ভিডিও রেকর্ড করেছিল, যা পুলিশ জব্দ করেছে।
ওসি আব্দুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানিয়েছে, তার মা একজন কর্মজীবী নারী। মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রদীপ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে।
এ ঘটনার দায় মেয়েটির বাবা স্বীকার করেছে বলে জানা গেছে। আরও জানা গেছে, কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মেয়েটির মা।
ওসি জানান, ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে