সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে আলম শেখকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করতে দেখে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়। তাঁদের ধারণা হয়, তিনি শিশু চুরির সঙ্গে জড়িত। তাঁরা আলমের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। পরে কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর বাড়ি নাটোরে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা ঢাকায় আসছেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, আলম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন