Views Bangladesh Logo

মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। রামপুরহাট থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃষ্টি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিলেন, তা এখনও জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। তিনি বোলপুর হাইস্কুলের করণিক হিসেবে কর্মরত ছিলেন।

বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় তখন দাবি করেছিলেন, তার মেয়ে পড়াশোনায় ভালো ছিলেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। মেয়ের চাকরির জন্য তিনি কোথাও কোনো ধরনের তদবির করেননি বলেও দাবি করেছিলেন।

সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এ নিয়েও তিনি মানসিকভাবে ভারাক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ফলে চাকরি হারানো, বিবাহবিচ্ছেদের মামলা কিংবা অন্য কোনো কারণে তিনি চাপে ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে পরিবারের দাবি, গত চার-পাঁচ বছর ধরে বৃষ্টি মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। ইদানীং তিনি নিজের ঘরে প্রায় একাই থাকতেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ