আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
আইনজীবীর কালো কোট ও গাউন পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে হাজির হন তৃণমূল কংগ্রেস নেত্রী। বেলা ১১টার কিছু আগে তিনি আইনজীবীর পোশাকে আদালত চত্বরে পৌঁছালে সেখানে উৎসুক সমর্থকদের ভিড় জমে যায়।
এই পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে উপস্থিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দলের পক্ষ থেকে জানানো হয় যে, তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি অন্যদের চেয়ে আলাদা। পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনে তিনি কখনোই তাদের একা ফেলে যান না এবং সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের লড়াইয়ে তিনি আপসহীন। অনন্য সাহস ও প্রত্যয় নিয়ে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি প্রথমবারের মতো কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন। ১৯৮৫ সালে বার কাউন্সিলে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল এবং এরপর থেকে তিনি নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন।
রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর শিশু, নারী এবং সংখ্যালঘুদের ওপর কোনো দয়া দেখানো হচ্ছে না। বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং প্রতিদিন এ ধরনের অসংখ্য অভিযোগ আসছে। মানুষের ঘরবাড়ি লুট করে আগুন দেওয়া হচ্ছে। অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
আদালতের অনুমতি পেলে এসব অভিযোগের বিস্তারিত একটি অতিরিক্ত হলফনামার মাধ্যমে জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতির কাছে আর্জি জানিয়ে বলেন, রাজ্যের মানুষকে বাঁচান। এটি কোনো ‘বুলডোজার রাষ্ট্র’ নয়, এটি পশ্চিমবঙ্গ; দয়া করে এখানকার মানুষকে রক্ষা করুন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে