বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের তথ্য জানি, বিস্ফোরক দাবি মমতার
পশ্চিমবঙ্গের কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি দাবি করেন, বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তার কাছে ‘তথ্য রয়েছে’ এবং অতীতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও তাকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল… তখন অনেক রেভল্যুশন হয়েছিল।’ একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন?’
তবে তিনি কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, ফলে তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সংশ্লিষ্ট একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন। পরে আরও একজনকে নদিয়ার শান্তিপুর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তরা মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। এ ঘটনায় বাংলাদেশি তদন্ত সংস্থার পক্ষ থেকেও একাধিক অভিযোগ ও ব্যাখ্যা সামনে এসেছে।
ধর্না মঞ্চ থেকে মমতা ব্যানার্জী অভিযোগ করেন, ‘দিল্লি থেকে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, দলের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে, ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ রয়েছে এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করার চেষ্টা চলছে।
একই মঞ্চ থেকে তিনি প্রশাসনিক বাধা, পুলিশি অনুমতি না পাওয়া এবং বিরোধী রাজনৈতিক চাপের অভিযোগও তোলেন।
ধর্নাটি আয়োজন করা হয়েছিল ভোট-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে। তবে অনুমতি না মেলায় কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সূত্র: বিবিসি বাংলা
মতামত দিন