মালয়েশিয়া আসিয়ান সদস্যপদে সমর্থন দেবে, তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহায়তা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের প্রচেষ্টায় মালয়েশিয়া পূর্ণ সমর্থন দেবে। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা দিতে সম্মত হয়েছে চীন। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত শেষ করার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অভূতপূর্ব সফল হয়েছে। এ সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে এবং বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যার সঙ্গে তিনটি পক্ষ জড়িত—মিয়ানমার, আরাকান আর্মি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমাদের যোগাযোগ রয়েছে। আশা করছি, আগামী দিনগুলোতে একটি সমাধানের পথ বের হবে।
ড. খলিলুর রহমান আরও বলেন, অতীতেও বিএনপি সরকার দুইবার রোহিঙ্গা সংকট মোকাবিলায় সফল হয়েছিল। এবারও সরকার এ সংকট সমাধানে আশাবাদী।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের গান ‘মহাজাদু’ শেয়ার করেছেন, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।
চীন সফর সম্পর্কে তিনি বলেন, তিস্তা প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করতে উভয় দেশ সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় নতুন উচ্চতায় পৌঁছেছে।
মতামত দিন