Views Bangladesh Logo

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন, মাইগ্রেশন সুবিধা বাতিল

চলতি বছর একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো একাধিক ধাপে নয়, এবার একবারেই অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ থাকবে। একই সঙ্গে ভর্তি নিশ্চিত হওয়ার পর কলেজ পরিবর্তন বা মাইগ্রেশনের ব্যবস্থাও থাকছে না।

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ভর্তি কার্যক্রমের ধাপ কমানো এবং দ্রুত একাদশের শিক্ষাবর্ষ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ব্যবস্থায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রথম পর্যায়েই পছন্দের কলেজ নির্ধারণ করে আবেদন করবেন। যেহেতু আবেদন করার সুযোগ একবারই থাকবে, তাই আগের মতো মাইগ্রেশনের মাধ্যমে পছন্দ পরিবর্তনের সুযোগও রাখা হচ্ছে না। তবে খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া কোনো শিক্ষার্থী কলেজ না পেলে, ভর্তি নিশ্চায়ন করতে না পারলে বা কোনো কারণে আবেদন থেকে বাদ পড়লে পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ভর্তি কার্যক্রমও আগের তুলনায় অনেকটা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। নতুন পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতেই অনলাইন আবেদন নেওয়া শুরু হতে পারে। এরপর একই মাসের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর যারা নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তনের সুযোগ পাবেন, তাদের ক্লাসও ১ অক্টোবরের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে নীতিমালার খসড়া চূড়ান্ত করার আশা করা হচ্ছে। এরপর সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত নীতিমালা জারি করা হবে। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভর্তি ও একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সাধারণত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হওয়ার কথা। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম বিলম্বিত হওয়ায় নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয় ১০ জুলাই এবং ভর্তি কার্যক্রম শেষে ১৫ সেপ্টেম্বর একাদশের ক্লাস শুরু হয়। এবার এসএসসির ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। ফলে দেরি না করে সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি শেষ করে দ্রুত শ্রেণি কার্যক্রম শুরু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ