Views Bangladesh Logo

ঢাকা-কক্সবাজার রুটে যাচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস আগামী ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথের বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। নতুন এই রুটের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)।

রেলওয়ের সূচি অনুযায়ী, প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে মহানগর এক্সপ্রেস। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর কথা। এরপর যাত্রা অব্যাহত রেখে সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছাবে ট্রেনটি।

ফেরার পথে সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের প্ল্যাটফর্ম মাস্টার মো. মেহেদী হাসান জানান, কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত মহানগর এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ থেকে ১ হাজার ৫৭০ টাকা। আর কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ২৪০ থেকে ৫৪৭ টাকা।

রেলওয়ের দাপ্তরিক আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে। বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে না। তবে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে আগের মতোই থামবে ট্রেনটি।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, ২৬ অক্টোবর ঢাকা থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা শুরু হবে। পরদিন ২৭ অক্টোবর থেকে কক্সবাজার স্টেশন থেকেও নিয়মিত যাত্রী পরিবহন করা হবে। যাত্রীসেবা দিতে স্টেশন কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। তবে স্টেশনে কিছুটা জনবলসংকট রয়েছে। পর্যায়ক্রমে এ ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ