Views Bangladesh Logo

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে ৩৩৯ বাড়ি

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বৃহস্পতিবার রাতে উঁচু পার্বত্য এলাকায় এ কম্পন আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে।

চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার কিছু পরে) ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কেন্দ্রটি নাগকু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। সিনহুয়ার খবরে বলা হয়েছে, কেন্দ্রস্থল নাগকুর বাকেন কাউন্টির মারু টাউনশিপ। কম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। কামদো ও নিংচি শহরেও কম্পন টের পাওয়া গেছে।

নাগকুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। বাকি ২১ জন সামান্য আহত হয়েছেন। তবে কিছু গণমাধ্যমে আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে অন্তত ৩৩৯টি বাড়ি ও ২০টি গবাদিপশুর খোঁয়াড় ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চলছে।

ভূমিকম্পের পর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাকেন কাউন্টির সদর এলাকায় টেলিযোগাযোগ সেবাও ব্যাহত হয়েছে। পাহাড় থেকে পাথর ও মাটি গড়িয়ে পড়ায় একাধিক সড়ক বন্ধ, ফলে উঁচু ও দুর্গম এলাকায় পৌঁছাতে উদ্ধারকারী দলগুলোকে বেগ পেতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাঁবু খাটিয়ে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের ব্যবস্থা করছেন। কর্তৃপক্ষ এলাকাটিতে দ্বিতীয় স্তরের জরুরি দুর্যোগ সাড়াদান কার্যক্রম চালু করেছে।

ইউএসজিএসের তথ্যমতে, এলাকাটি অত্যন্ত বিরল জনবসতির। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ায় সেখানে শীতও তীব্র। কম্পনের সময় অনেক বাসিন্দা ঘর ছেড়ে খোলা জায়গায় বা গাড়িতে আশ্রয় নেন। মারু টাউনশিপের উপপ্রধান জানান, তাঁদের কার্যালয়ের দেয়ালেও ফাটল ধরেছে।

চীনা গণমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম। গত বছরের জানুয়ারিতে তিব্বতের টিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া দুই মাসেরও কম সময় আগে তিব্বত ও নেপাল সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকটি জনপদ বিধ্বস্ত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ