Views Bangladesh Logo

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে সংঘটিত এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও। প্রাথমিকভাবে দুই দেশে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। সংস্থাটি প্রথমে এর মাত্রা ৫.৮ বলে জানিয়েছিল। পরে সংশোধন করে তা ৫.২ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর দুই দেশের সংশ্লিষ্ট এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ