Views Bangladesh Logo

নেত্রকোনায় শিশুকে ধর্ষণ: মাদ্রাসা শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

নেত্রকোনায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদি সাগরের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে গত ১৭ মে ঢাকায় সিআইডি কার্যালয়ে তার ডিএনএ নমুনা নেওয়া হয়।

নেত্রকোনা আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানিয়েছেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কারাগারে রয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী শিশুর মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেন, যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এরপর গত ৭ মে আদালত অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ১০ মে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা মামলার তদন্তে সহায়তার জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেন।

এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তার মায়ের আবেদনের পর গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সিলেটের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরক্ষিত পরিবেশে রয়েছে শিশুটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ