Views Bangladesh Logo

মোহাম্মদপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. হুসাইন আহমেদ (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নূরজাহান রোডের বাইতুল ফজল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযোগের পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি প্রতিদিন বিকেলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ওই মাদ্রাসায় কোরআন পড়তে যেত। অভিযোগ, পড়ানোর সময় বিভিন্ন অজুহাতে তাকে আলাদা কক্ষে নিয়ে একাধিকবার বলাৎকার করেন ওই শিক্ষক। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর শিশুটির সঙ্গে এমন ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি অন্য এক শিক্ষার্থীর মাধ্যমে তার বাবা-মায়ের কাছে জানাজানি হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, ঘটনার বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি শিশুটিকে ভয় দেখিয়ে চুপ থাকার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ