Views Bangladesh Logo

জুরাইনে মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে ছাদ থেকে নিচে পড়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের ‘তাসফিলুল কোরআন’ নামক হেফজ মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা ইয়ামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়ামিন কদমতলী মোহাম্মদবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে তাসফিলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণ দিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ বলেন, গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। ইয়ামিন মাদ্রাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা আমাকে কল করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যেতে। আমি আনতে যাইনি। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। এরপর খবর পাই, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ