মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণ শুরু ২ সেপ্টেম্বর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে ফি পরিশোধের শেষ সময় ১১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ী, সংশ্লিষ্ট ইবতেদায়ী শাখা এবং দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। অপরদিকে অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের তথ্যের ওপর ভিত্তি করে যোগ্য শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে।
প্রতি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ অনলাইনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এর বাইরে সংশ্লিষ্ট মাদ্রাসায় কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কেন্দ্র সচিবের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চম শ্রেণির ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার জন্য মাদ্রাসাগুলোকে বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে ইআইআইএন বা প্রাতিষ্ঠানিক কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশন নির্বাচন করতে হবে। ফি পরিশোধের পর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই-বাছাই ও সংশোধন শেষ করে চূড়ান্তভাবে জমা দিতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন ও ভর্তি রেজিস্টারের সাথে নাম, বাবা-মায়ের নাম ও তথ্যের হুবহু মিল থাকতে হবে।
অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার জন্য প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন ব্যবহার করতে হবে। সেখান থেকে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করে খসড়া তালিকা তৈরি করা যাবে। ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টা পর পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা পাওয়া যাবে, যা প্রিন্ট করে প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিতে হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মতামত দিন