যুক্তরাষ্ট্রকে বিদায় করে ট্রাম্পের নাচ নকল করলেন লুকাকু
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। তবে মাঠের এই দাপুটে জয় ছাপিয়ে ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রে এক রাজনৈতিক বিতর্ক।
বেলজিয়ামের চতুর্থ গোলটি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত নাচের ভঙ্গি নকল করে উদ্যাপন করেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। লুকাকুর এই অঙ্গভঙ্গিকে ট্রাম্প ও মার্কিন দলের প্রতি সরাসরি ব্যঙ্গ হিসেবেই দেখছেন অনেকে।
বিতর্কের শুরু অবশ্য ম্যাচের আগেই। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করেন ট্রাম্প। আগের ম্যাচে লাল কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে বালোগুনের খেলারই কথা ছিল না। কিন্তু নাটকীয়ভাবে ফিফা সেই নিষেধাজ্ঞা তুলে নিলে মাঠে নামার সুযোগ পেয়ে যান তিনি। এমন ঘটনায় ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ।
ট্রাম্পের সেই হস্তক্ষেপ অবশ্য শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। পুরো ম্যাচে সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন বালোগুন; বেলজিয়ামের রক্ষণকে একবারের জন্যও পরীক্ষায় ফেলতে পারেননি। উল্টো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে মার্কিন রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় বেলজিয়াম। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে।
ম্যাচ শেষে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি তিয়েলেমান্স জানান, বালোগুনের লাল কার্ড ঘিরে সৃষ্ট বিতর্কই বরং তাদের দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। খবরটি শোনার পর বেলজিয়াম দল জরুরি বৈঠকে বসে এবং মাঠেই এর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করে বলেও জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে বইছে মিম ও ট্রলের বন্যা, যার কেন্দ্রে লুকাকুর সেই নাচ।
Diabolical: Belgian soccer squad does the Trump dance after DESTROYING the US Team 4:1 pic.twitter.com/zjRnd5RYxW
— Catch Up (@CatchUpFeed) July 7, 2026
মতামত দিন