Views Bangladesh Logo

এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বয়স যে শুধুই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে এক অনন্য বিশ্বরেকর্ড গড়লেন ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা। ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচে অ্যাসিস্ট (গোল করানো) করার কীর্তি এখন মদ্রিচের।

শনিবার (২৭ জুন) ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ঘানার বিপক্ষে ম্যাচের ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচের করা গোলটিতে অ্যাসিস্ট করেন মদ্রিচ। এই ম্যাচটি যখন মাঠে গড়ায় তখন মদ্রিচের বয়স ছিল ঠিক ৪০ বছর ২৯১ দিন। আন্তর্জাতিক ফুটবলে ২০০-এর বেশি ম্যাচ খেলা ইতিহাসের মাত্র চারজন ফুটবলারের একজন তিনি। ঘানার বিপক্ষে এই কীর্তি গড়ে তিনি ভেঙে দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার এডিন জেকোর রেকর্ডটি।

চলমান ২০২৬ বিশ্বকাপেই গত ২৪ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে কাতারের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে বসনিয়ার হয়ে অ্যাসিস্ট করে এই রেকর্ডটি গড়েছিলেন জেকো। সে সময় জেকোর বয়স ছিল ৪০ বছর ১০৯ দিন। মাত্র তিন দিনের মাথায় জেকোর সেই রেকর্ড নিজের করে নিলেন ক্রোয়াট অধিনায়ক।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি অবশ্য এখনও অক্ষুণ্ন রয়েছে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার দখলে। ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে যখন তিনি গোল করেন, তখন তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন।

মিলারের এই রেকর্ডের দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলমান ফিফা বিশ্বকাপে গত ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার দিন সিআরসেভেনের বয়স ছিল ৪১ বছর ১৩৮ দিন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ