‘ভাগ্য আমাদের পাশে ছিল’, তবু উন্নতির তাগিদ স্কালোনির
সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে আত্মতুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, এই জয়ে ভাগ্যেরও ভূমিকা ছিল, পাশাপাশি সামনে আরও উন্নতি করতে হবে দলকে।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা জানতাম, তারা খুবই শারীরিক শক্তিনির্ভর একটি দল। সেই দিক থেকে তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে।’
পুরো ম্যাচেই আর্জেন্টিনাকে চাপে রাখে সুইজারল্যান্ড। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও অতিরিক্ত সময় পর্যন্ত দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে সুইসরা। তবে শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের অতিরিক্ত সময়ের গোলে ৩–১ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
জয়ের পরও বাস্তবতা মেনে নিয়ে স্কালোনি বলেন, ‘আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল। আমাদের বাস্তববাদী হতে হবে। এখনও অনেক কিছু উন্নত করার আছে।’
সেমিফাইনালে ওঠার কৃতিত্ব পুরো দলকে দিলেও সামনে কঠিন পরীক্ষার অপেক্ষা দেখছেন আর্জেন্টিনা কোচ। আগামী বুধবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে তার দল।
স্কালোনি বলেন, ‘এই দলটি ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো একটি অর্জন করেছে। এখন আমাদের দ্রুত পুনরুদ্ধার করতে হবে। কারণ পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মতামত দিন