১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ভারি বৃষ্টিতে যশোরের নিম্নাঞ্চল প্লাবিত
যশোরে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া দপ্তর। মুষলধারে চলা অব্যাহত বৃষ্টিতে শহর ও শহরতলি প্লাবিত হয়েছে। টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট। জলাবদ্ধ হয়ে পড়েছে শহরের অনেক নিচু এলাকাও। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও জলাবদ্ধ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ১৪০ হেক্টর জমির আগাম শীতকালীন সবজির ক্ষেত।
রোববার সকাল থেকে শহর ঘুরে দেখা গেছে, ভারি বর্ষণে তলিয়ে গেছে যশোর পৌর এলাকার নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের বেজপাড়া, টিবি ক্লিনিকপাড়া, স্টেডিয়ামপাড়া, শংকরপুর, মিশনপাড়া, উপশহর, চাঁচড়া, কারবালা, এমএম কলেজ চত্বর, নাজিরশংকরপুর, বকচর, আরবপুরসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৩০টি সড়ক। এরই মধ্যে শংকরপুর, বেজপাড়া, খড়কি, কারবালা, স্টেডিয়ামপাড়ার অনেক বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। এসব এলাকার ড্রেন ছাপিয়ে উপচে পড়া পানি সড়ক পার হয়ে ঘরের মধ্যেও ঢুকে পড়েছে। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না।
মোটরচালিত রিকশাচালক রবিউল বলেন, 'আজ (রোববার) কিস্তির দিন ছিল। বৃষ্টির কারণে দিতে পারেনি। আগামী মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকা রোজগার করেছি। চোখে অন্ধকার দেখছি।' প্রায় একই অবস্থা ইজিবাইক চালক শফিকুলেরও। দুপুর ৩টা পর্যন্ত মহাজনের জমার টাকা আয় করতে পারেননি তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান, শনিবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণে জেলার ১৪০ হেক্টর সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে কৃষক আগাম শীতকালীন সবজি, টমেটো, পাতাকপি, ফুলকপি, পালং শাক ইত্যাদির চাষাবাদ করেছিলেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৫ শতাংশ কৃষিজমি ভারি বর্ষণে তিগ্রস্ত হয়েছে। এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতি আরও বাড়বে। সারা দেশের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ সবজি এ জেলা থেকে চাষাবাদ করে সরবরাহ করেন কৃষক।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত জেলায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রোববার সকাল ১১টা পর্যন্ত ১১২ মিলিমিটার বৃষ্টিপাতের মাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্র আরও জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকেই যশোরে কখনো ভারি, কখনো হালকা বৃষ্টিপাত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে