Views Bangladesh Logo

আজ মানুষকে ভালোবাসার দিন

ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমায়, সম্পর্ককে করে আরও দৃঢ়। পরিবার, বন্ধু কিংবা অপরিচিত—সব মানুষের প্রতি আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতার গুরুত্ব মনে করিয়ে দিতে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর পালিত হয় মানুষকে ভালোবাসার দিন।

দিনটির মূল বার্তা হলো, ভালোবাসার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। প্রতিবেশী, সহকর্মী কিংবা পথে দেখা অপরিচিত মানুষ—প্রত্যেকেই ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য। ছোট্ট একটি সহযোগিতা, আন্তরিক কিছু কথা কিংবা প্রয়োজনের সময়ে কারও পাশে দাঁড়ানোও হতে পারে ভালোবাসা প্রকাশের সুন্দর উপায়।

মানুষকে ভালোবাসার দিন পালনের উদ্যোগ শুরু হয় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের লাইফলাইন চার্চের মাধ্যমে। চার্চটির জ্যেষ্ঠ যাজক রেজি ও লন্ডন রয়্যাল মানুষের মধ্যে নিঃশর্ত ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেন। তাদের উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট দিনে ভালোবাসার কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো ও সহমর্মিতার চর্চাকে নিয়মিত জীবনের অংশ করে তোলা।

জাতি, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের পার্থক্য ভুলে মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। দিনটি উপলক্ষে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়া কিংবা কাছের মানুষদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মতো মানবিক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হয়।

দিনটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। নীরবে কারও উপকার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবীণদের সময় দেওয়া কিংবা পরিচিত-অপরিচিত কাউকে আন্তরিকভাবে উৎসাহিত করার মধ্য দিয়েও ভালোবাসা ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রিয়জনকে চিঠি লেখা, কবিতা বা ছবি উপহার দেওয়া কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা আনন্দের সময় কাটানোও হতে পারে দিনটি উদ্‌যাপনের সুন্দর উপায়।

মানুষকে ভালোবাসার এই দিনটি মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু একটি দিনের বিষয় নয়। প্রতিদিনের আচরণে অন্যের প্রতি সম্মান, সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ ঘটলেই গড়ে উঠতে পারে আরও সুন্দর ও আন্তরিক সমাজ। ছোট ছোট ভালোবাসার প্রকাশই কখনো কখনো অন্যের জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ