পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে: মোদি
দীর্ঘ ১৫ বছরের রাজ্য শাসনের অবসান হলো তৃণমূল কংগ্রেসের। প্রথমবারের মতো বাংলায় ফুটছে ‘পদ্ম’। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানিয়ে তিনি বলেন, জনগণ বিজেপিকে বিপুল সমর্থন দিয়েছেন। আমি তাদের আশ্বাস দিচ্ছি, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং ৮৯টি আসনে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।
প্রাথমিক নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে সরকার গড়ার পথে এগিয়ে চলেছে। ম্যাজিক ফিগার পার করতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে