বাগেরহাটের ঢাকাগামী ২৫ বাসে হামলা
হামলায় সহযোগিতা করেছে স্থানীয়রা, নিরব ছিল পুলিশ: শিক্ষার্থীদের অভিযোগ
গোপালগঞ্জ শহরের প্রবেশমুখে বাগেরহাটের মোল্লাহাট সেতুর কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। সকাল ১১টার দিকে বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা গাড়ি বহরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বহরের সব গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের বেশ মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বাসে থাকা শিক্ষার্থীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা আওয়ামী লীগের লোকজন হামলা চালান। স্থানীয়রাও হামলাকারীদের সহযোগিতা করেছে। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকায় ছিল। তারা হামলা প্রতিহত করতে এগিয়ে আসেনি।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করে। অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদীদের দোসররা এই আক্রমণ করেছে। স্থানীয়রা হামলাকারিদের বিভিন্নভাবে সাহায্য করেছে।
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে