চাঁদাবাজি ও ছিনতাই রোধে মোহাম্মদপুরে আদাবর থানা ঘেরাও
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আদাবর পুলিশ স্টেশন ঘেরাও করে সড়ক অবরোধ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় আদাবর এলাকায় এক এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের ওপর চাঁদার দাবিতে সশস্ত্র একটি দল হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আহত করা হয়। বিচার দাবি এবং এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে ভুক্তভোগী শ্রমিক ও ব্যবসায়ীরা রাতেই থানার সামনে প্রতিবাদ শুরু করেন।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে চাঁদা আদায় ও ছিনতাই করছে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা সড়কে নামেন এবং রাত গভীর হওয়ার পরও থানা ঘেরাও করে নানা স্লোগান দিতে থাকেন।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ‘আবির এমব্রয়ডারি’ নামের একটি কারখানায় শনিবার বেতন বিতরণের সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তারা মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে এবং এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর শ্রমিকরা অভিযুক্ত রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
পুলিশ কর্মকর্তা জানান, কারখানার মালিক মামলা করেছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। পুলিশ আহত শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ করছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন, যদি এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই রোধের স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে