বিশ্বকাপে রেফারিরা দুর্দান্ত কাজ করছেন: লিসান্দ্রো মার্তিনেস
চলমান ফিফা বিশ্বকাপে রেফারিং নিয়ে ওঠা সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হলেও মার্তিনেসের দাবি, রেফারিরা মাঠে ‘দুর্দান্ত কাজ’ করছেন।
নকআউট পর্বের ওই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানায় মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। বিশেষ করে ভিএআর রিভিউয়ের মাধ্যমে মিশরের মোস্তফা জিকোর একটি গোল বাতিল হওয়া নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। মাঠের এই বিতর্ক নিয়ে ফিফার সুরে সূর মেলালেন মার্তিনেস। তিনি মনে করেন, মাঠের রেফারিংয়ের চেয়ে ফুটবলারদের খেলাতেই ফোকাস থাকা উচিত।
সংবাদ সম্মেলনে রেফারিং বিতর্ক নিয়ে জানতে চাওয়া হলে মার্তিনেস সাংবাদিকদের বলেন, ‘না, রেফারিং নিয়ে কোনো সমস্যা নেই। আমার মনে হয় তারা দুর্দান্ত কাজ করছেন। রেফারিং নিয়ে এই বিতর্কগুলো আসলে আপনারাই (মিডিয়া) মাঝে মাঝে তৈরি করেন। আমাদের কাজ মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া, এর বাইরে কিছু নয়।’
মিশর অধ্যায় পেছনে ফেলে আর্জেন্টিনা এখন আগামী রোববারের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের এই দলটিকে যথেষ্ট বিপজ্জনক এবং সমীহ জাগানিয়া প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে মার্তিনেস বলেন, ‘যেকোনো প্রতিপক্ষকে সম্মান জানানোই এই দলটার আসল পরিচয়। সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তবে তারা নিজেদের যোগ্যতায় এসেছে। কলম্বিয়ার বিরুদ্ধে ওদের ম্যাচটি আমরা দেখেছি, ওরা সবসময় ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে ওরা বেশ শক্তিশালী এবং সেট-পিসেও দারুণ কার্যকর। আমার মনে হয় ম্যাচটা বেশ উপভোগ্য হবে, কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে।’
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করা ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোও মার্তিনেসের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি জানান, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ কে, তা নিয়ে ভাবার চেয়ে নিজেদের পারফরম্যান্সের উন্নতিতেই বেশি মনোযোগ দিচ্ছে।
রোমেরো বলেন, ‘সামনে প্রতিপক্ষ হিসেবে কে আসছে সেটা বড় বিষয় নয়, আমরা সব সময় নিজেদের খেলার দিকে মনোনিবেশ করি এবং আমাদের যেসব ভুলত্রুটি রয়েছে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি।’
মতামত দিন