Views Bangladesh Logo

জর্ডান ম্যাচে বিশ্রামে মেসি, লাউতারো-আলভারেজ জুটিতে মাঠে নামছে আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 'জে' গ্রুপের শীর্ষেও রয়েছে আলবিসেলেস্তেরা। এমন পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে রোববার (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে এই ম্যাচটি।

শীর্ষস্থান নিশ্চিত থাকায় জর্ডান ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, মেসি এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। আক্রমণভাগের দায়িত্ব পড়বে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের কাঁধে।

এর আগে একাধিক অনুষ্ঠানে স্কালোনি জানিয়েছিলেন, একসঙ্গে দুই প্রথাগত স্ট্রাইকার মাঠে নামানো তার কৌশলগত দর্শনের সঙ্গে মেলে না। তবে যেহেতু এই ম্যাচের ফলাফলে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ভবিষ্যতে কোনো প্রভাব নেই, তাই 'দ্য বুল' লাউতারো এবং 'দ্য স্পাইডার' আলভারেজকে একসঙ্গে পরখ করে দেখতে চাইছেন তিনি।

তবে এই দুই স্ট্রাইকারের সামনে গোল খরা কাটানোর চ্যালেঞ্জও রয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে অফিশিয়াল ম্যাচে জাতীয় দলের জার্সিতে কেউই গোল পাননি।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া একাদশের বাকি অংশে ব্যাপক রদবদল আনছেন স্কালোনি। চোট থেকে ফিরে শুরুর একাদশে জায়গা পাচ্ছেন নিকোলাস তাগলিয়াফিকো। রক্ষণে নিকোলাস ওটামেন্ডির সঙ্গী হবেন মার্কোস সেনেসি। মাঝমাঠের দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস ও জিওভানি লো চেলসো। তরুণ মিডফিল্ডার নিকো পাজও একাদশে থাকতে পারেন।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো; নিকো পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ