মেসির জাদুকরী গোলে এগিয়ে আর্জেন্টিনা
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুই দল জালের দেখা পেলেও অফসাইডের কারণে সেসব গোল বাতিল হয়। তবে শেষ পর্যন্ত অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণের ধার বাড়াতে থাকে। চতুর্থ মিনিটে লাউতারো মার্তিনেজের শক্তিশালী হেড গোলমুখে গেলেও সেটি সহজেই ধরে ফেলেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।
এর কিছুক্ষণ পরই জালে বল পাঠান মেসি। এনজো ফার্নান্দেজের পাস থেকে লাউতারো মার্তিনেজ বল বাড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়কের দিকে। দুর্দান্ত নিয়ন্ত্রণে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত শটে গোলও করেন মেসি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।
মেসির হতাশা কাটতে না কাটতেই দুই মিনিট পর গোলের উল্লাসে মেতে ওঠে আলজেরিয়াও। দারুণ এক আক্রমণ থেকে শাইবি বল জালে জড়ালেও সহকারী রেফারির পতাকা ওঠে। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোলটিও।
তবে ১৭তম মিনিটে আর কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি আলজেরিয়ার রক্ষণভাগ। একটি ফ্রি-কিকের পর দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের চমৎকার থ্রু পাস পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে এগিয়ে যান মেসি। পেনাল্টি এলাকার সামনে পৌঁছে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসির এই গোলের সুবাদে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে পিছিয়ে পড়া আলজেরিয়া সমতায় ফেরার লক্ষ্যে পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মতামত দিন