শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালতের অবমাননাকর বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল’ফার্মের চিঠি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে যুক্তরাজ্য থেকে ল’ফার্মের মাধ্যমে চিঠি পাঠানোর কোনো আইনগত সুযোগ নেই। তিনি আরও বলেন, চিঠিটি ট্রাইব্যুনালকে বিতর্কিত করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত ৩০ মার্চ যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি শেখ হাসিনার পক্ষে ই-মেইলে চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। এছাড়া চিঠিতে বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে ট্রাইব্যুনালকে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধও জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন দমনকালে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে