Views Bangladesh Logo

ঈদের খুশিতে নববর্ষ উদযাপন দ্বিগুণ আনন্দের

শুভ নববর্ষ। শুভ পহেলা বৈশাখ ১৪৩১। পুরোনো বছরের আবর্জনা দূর হয়ে গিয়ে অগ্নিস্নানে ধরা সুচি হোক। সারা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দধারা। নাচে-গানে, ঢাকে-ঢোলে, প্রীতি সম্মিলনে ভরে উঠুক বাংলার শহর-গ্রাম। ঈদের রেশ কাটতে কাটতে নববর্ষ জাগ্রত দ্বারে। ফলে সবার আনন্দ আজ দ্বিগুণ। মাংস-পোলাও, ফিরনি-সেমাই খাওয়া শেষ হতে না হতেই পান্তা খাওয়ার ধুম। তার সঙ্গে সবার বেড়ানো, আড্ডাও নিশ্চয়ই চলছে হলুস্থুল।

এবারের নববর্ষে রাজধানী ঢাকায় ভিড় খুব কম। যারা গ্রামে চলে গেছেন, তারা নিশ্চয়ই মঙ্গল শোভাযাত্রার অভাব অনুভব করছেন। অন্যদিকে যারা ঢাকায় আছেন, তারা ভিড় এড়িয়ে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে আরামে ঘুরতে পারছেন। একই অবস্থা দেশের অন্যান্য শহরাঞ্চলগুলোতেও। তবে গ্রামে গ্রামে নববর্য উদযাপন চলছে প্রাণ খুলে। ঈদের ছুটিতে যারা বাড়ি এসেছেন তাদের জন্য এ এক অনন্য সুযোগ। একই সঙ্গে ঈদ ও নববর্ষ উদযাপন চলছে পুরোদমে।

এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য- ‘আমরা তিমিরবিনাশী’। নানা কারণে বাংলাসংস্কৃতি আজ তমসাচ্ছন্ন। মতভেদ রূপ নিচ্ছে ব্যক্তি আক্রমণে। বাড়ছে সম্পর্কের দূরত্ব। অনেকের মনে জন্ম নিচ্ছে জাতিবিদ্বেষ, সাম্প্রদায়িকতা। অপসংস্কৃতি জন্ম দিচ্ছে কুরুচির। বাংলার হাজার বছরের সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে আজ অনেকটাই ফাটল ধরেছে। এই অন্ধকার দূর বাংলার প্রতিটি মানুষকে একই সুরে আজ গাইতে হবে একই গান। সেই গান মায়া-মমতার-ভালোবাসার।

এ কথা আজ প্রমাণিত হয়ে গেছে, কেবল যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা আর এক হতে পারব না। এক হতে হবে মায়ার বন্ধনে। হাজার বছর ধরে এই বাংলার মানুষ বহু কষ্ট করেছে। কঠিন-কঠোর জীবনসংগ্রামে টিকে থেকেছে। চারদিকে ঝোঁপ-জঙ্গল, জলাভূমি। বন্য জীবজন্তু আর বন্যা-খড়া-মহামারির সঙ্গে লড়াই করতে করতে এই বাংলার মানুষকে লড়াই করতে হয়েছে নিষ্ঠুর শাসকদের সঙ্গেও। বর্গীরা যখন গেল তখন এলো ইংরেজ, ইংরেজরা যাওয়ামাত্রই বাংলার সহজ-সরল মানুষ পড়ল পাকিস্তানের খপ্পরে। এখনো সাধারণ মানুষ দেশীয় অনেক লুটেরা শ্রেণির শিকার।

পহেলা বৈশাখ বাংলার মানুষের শুধু আনন্দ উদযাপনের নাম নয়। বাংলা নববর্ষ হচ্ছে পুরোনো হিসাব মিটিয়ে দিয়ে নতুন খাতা খোলার সময়। নতুন এই খাতা কেবল টালিখাতার পাতা নয়, তা জীবনপাতারই অন্য নাম। বাংলার কৃষক শ্রেণি নববর্ষের মধ্য দিয়ে এক নবজাগরণের সূচনা করেছিল। তা কেবল বছর শেষে মহাজনের ঋণ শোধ করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, আসছে বছর নতুন করে বাঁচার প্রত্যয় ছিল। হাসি-গানে নববর্ষকে বরণ করে বাংলার সাধারণ মানুষ এই বার্তাই দিতে চেয়েছে, একটি বছর অবসানে জীবন ফুরিয়ে যায় না, প্রতি বছর তা নতুন করে শুরু হয়।

নতুন সুন্দর জীবন প্রত্যাশায় ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ