Views Bangladesh Logo

বেওয়ারিশ লাশগুলোর স্বজনদের খুঁজে বের করা হোক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন। অনেকে গুম হয়ে গেছেন। অনেক স্বজন হাসপাতালে হাসপাতালে ঘুরছেন নিখোঁজ প্রিয়জনের খোঁজে। অনেকে মৃতদেহ খুঁজে পেয়ে লাশ নিয়ে যাচ্ছেন। অনেক লাশ এখনো বেওয়ারিশ পড়ে আছে হাসপাতালে।

গত বুধবার (১৪ আগস্ট) পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় পরিচয়বিহীন কিছু ব্যক্তির মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে। এসব মরদেহের কোনো পরিচয়, ঠিকানা বা দাবিদার পাওয়া যায়নি। এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্যমতে, লাশ খোঁজা ও লাশ পড়ে থাকার এ চিত্র পাওয়া গেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিন কেউ না কেউ হাসপাতালে আসছেন হারিয়ে যাওয়া মানুষ শেষ পর্যন্ত লাশঘরে আছে কি না, তা খুঁজতে। অন্যদিকে সেখানকার মর্গে এখনো পড়ে আছে তিনটি লাশ। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ মর্গে আটটি মরদেহ পড়ে আছে বলে জানা গেছে। যাদের নাম-পরিচয় জানা যায়নি। এই লাশগুলো সবই ছিল গুলিবিদ্ধ।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা লাশগুলো হাসপাতালে এসেছে গত ১৬ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে। লাশ নিতে কেউ না আসায় হাসপাতালের পরিচালক মো. শফিউর রহমান একটি বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি লাশ মর্গে আছে। কেউ নিচ্ছেন না। আমরা এক ধরনের বিপদে আছি। লাশগুলো নষ্ট হওয়ার ঝুঁকি আছে। সৎকারের প্রয়োজনে ওই বেওয়ারিশ মরদেহ গ্রহণে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে স্বাগত জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত কার্যত থানাগুলো বন্ধ ছিল, পুলিশ কার্যক্রম থেকে বিরত ছিল, ফলে গুম হওয়া ও হাসপাতালে লাশ হয়ে পড়ে থাকা মানুষগুলোর বিষয়ে পুলিশ কোনো কর্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি; কিন্তু এখন পুলিশের কার্যক্রম কিছুটা স্বাভাবিক হয়েছে।

আমরা চাই, এ ব্যাপারে এখন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। নিখোঁজ ব্যক্তি ও লাশগুলো তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে মৃত ব্যক্তিদের ছবি প্রকাশ করে গণমাধ্যমে প্রচার করতে হবে। স্বজনদের কাছে প্রিয়জনের মৃতদেহও পৃথিবীর সবকিছুর চেয়ে মূল্যবান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ