মেসি গোল করুক, আমি বিশ্বকাপ চাই: এমবাপ্পে
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে শিরোপা জেতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়কের ভাষায়, ব্যক্তিগত রেকর্ড নয়, তার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা।
বুধবার সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা তাকে সর্বকালের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে এনেছে। মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে। চলতি আসরেও মেসির সমান ছয় গোল করেছেন তিনি।
তবে ম্যাচ শেষে ব্যক্তিগত অর্জনের প্রসঙ্গ উড়িয়ে দেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এমবাপ্পে বলেন, আমার লক্ষ্য সব সময় যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল খেলে বিশ্বকাপ জিতে ঘরে ফেরা। আমরা সেটির জন্যই খেলছি।
তিনি বলেন, বেশি গোল করলে রেকর্ডে ওপরে ওঠা স্বাভাবিক, তবে সেটিই তার মূল প্রেরণা নয়।
মেসিকে ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, আমি নিশ্চিত, লিও আরও গোল করবে। তাই আমি এসব নিয়ে ভাবছি না। আমার পুরো মনোযোগ আমাদের পরের প্রতিপক্ষ এবং ফাইনালের আরও কাছে পৌঁছানোর দিকে।
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটিকে হালকাভাবে নিতে নারাজ এমবাপ্পে।
তিনি বলেন, আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। এখনও উন্নতির জায়গা আছে। তবে দল ইতিবাচক অবস্থায় রয়েছে। আমরা জানি, আমাদের আক্রমণভাগ যে কোনো ম্যাচ জেতার মতো সুযোগ তৈরি করতে সক্ষম।
মতামত দিন