Views Bangladesh Logo

মানহানিকর বক্তব্যের অভিযোগে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে আইনজীবী নুরুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে বক্তব্যের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২৬ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে আমির হামজা বলেন, ‘আমার মনে হয় ফজু পাগল‌কে বাইরে রাখ‌লে ক্ষ‌তি হ‌বে। ওকে পাবনা পাঠা‌নো দরকার। যাঁরা আছেন কিশোরগঞ্জ, তাঁরা ধ‌রে-বাঁধে ওরে পাবনা পাঠান। দরকার হয় কুকুর মারা ইন‌জেকশন দি‌য়ে দেয়।’

নোটিশে উল্লেখ করা হয়, আমির হামজা বারবার প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস‌্যকে ফজু পাগলা ব‌লে আখ‌্যা‌য়িত ক‌রে পাবনা মান‌সিক হাসপাতা‌লে পাঠা‌নোর কথা ব‌লে‌ছেন। এমন‌কি কুকুর মারা ইন‌জেকশন দেওয়ার কথা ব‌লে‌ছেন। এতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগকারী আই-ইয়াশ ইমন বলেন, ‘ফজলুর রহমান‌ আমার পছ‌ন্দের ব‌্যক্তি। একজন বীর মু‌ক্তি‌যোদ্ধা। তাঁকে নি‌য়ে মানহা‌নিকর বক্তব‌্য কাম‌্য নয়। এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

এর আগে আমির হামজা বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে একাধিক আইনি নোটিশ পান। এর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় প্রশাসনিক কর্মকর্তাদের পদায়নের খরচ নিয়ে মন্তব্য এবং মেডিকেল কলেজ পরিচালনায় দুর্নীতির অভিযোগ।

অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে নিয়ে পূর্ববর্তী মন্তব্যের ঘটনায় সিরাজগঞ্জ আদালত তার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ