দেশে ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক রূপ নিচ্ছে। বিশেষত শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার ক্রমশ বাড়ছে।
নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি অনেক ক্ষেত্রেই ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন ধরনের প্রচারণা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মনন ও মেধার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। একইসঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ ছাড়া ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম ও পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। অনেক অভিভাবক ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এর অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে