ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বন্ধে আইনি নোটিশ
ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশে ইলিশ বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।
নোটিশে বিবাদী করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দুর্গাপূজা শুরুর দুই সপ্তাহ আগে শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
মাহমুদুলের নোটিশে বলা হয়, ভারতীয় এজেন্ট ও মৎস্য রপ্তানিকারকরা বাংলাদেশে সারা বছর পদ্মা নদী থেকে ইলিশ মজুদ করে এবং বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে ভারতে মাছ রপ্তানি করে এবং কোনো কোনো ক্ষেত্রে সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে পাচার’ করে।
নোটিশে বলা হয়, ভারতে রপ্তানি ও চোরাচালানের কারণে বাংলাদেশের মানুষ পদ্মা নদীর ইলিশ বাজারে পেতে পারে না এবং সামুদ্রিক ইলিশ কিনতে হয়, যা তেমন সুস্বাদু নয়।
২০২১-২৪ সালের বাংলাদেশের রপ্তানি নীতি অনুযায়ী, ইলিশ অবাধে রপ্তানিযোগ্য নয়। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট মামলা করার হুমকিও দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে