লালবাগে ফ্ল্যাট থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগের একটি ভাড়া ফ্ল্যাট থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালবাগের শহীদনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন ঢাকা জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি শহীদনগরের বউবাজার ৩ নম্বর লেনের ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের ২১৪ নম্বর কক্ষে তাঁর চেম্বার ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আনোয়ার হোসেনের ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া বিষয়টি টের পান। পরে ঘরের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এ ব্যাপারে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে দুই-তিন দিন আগে মারা গিয়েছেন। পুলিশ হেফাজতে তাঁর একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তার মাধ্যমে পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রামে থাকা স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে।"
নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন