দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী ঢামেকে ভর্তি
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামে এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল সাত্তার।
উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
পরে স্বজনরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, বাড্ডা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
মতামত দিন