সদরঘাটে লঞ্চ চাপায় নৌকার যাত্রী নিহত, নিখোঁজ ২ জন
রাজধানীর সদরঘাটে ঈদযাত্রার ভিড়ের মধ্যে দুটি লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত নৌকার যাত্রী মো. সোহেল ফকির (২২) নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২০)। এছাড়া আরও কমপক্ষে দুই জন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদার জানিয়েছেন, বিকাল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার সময় পেছনে আসা এমভি জাকের-৩ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার যাত্রীরা পানিতে পড়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানিয়েছেন, হাসপাতালে একজনের মৃতদেহ পাওয়া গেছে, একজন ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন, এবং দুইজন নিখোঁজ। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
নিখোঁজদের মধ্যে মো. মিরাজ হোসেন (৪০) রয়েছেন, অপরের পরিচয় এখনও জানা যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে