ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামী-স্ত্রী-ভাগ্নি কেউই বাঁচল না
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় একমাত্র জীবিত ফাহিমা (২১)ও মারা গেছেন। এতে ওই ঘটনায় আহত তিনজনই মারা গেলেন।
শনিবার (২৫ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় ফাহিমার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) মারা যান তার স্বামী মো. শাহীন (২৪) ও আট বছর বয়সী ভাগ্নি হাফসা। শাহীন ভোর ৬টার দিকে এবং হাফসা রাত ১২টার দিকে মারা যান।
জাতীয় বার্ ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনকে ২১ জুলাই হাসপাতালে আনা হয়। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত ২১ জুলাই ভোরে নতুন বাজারের ৩০০ ফুট রোডের ওই বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
মতামত দিন