Views Bangladesh Logo

এনসিপি নেতাকর্মীদের সততার কারণ সুযোগের অভাব: রাশেদ খান

সুযোগের অভাবেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের এখন সৎ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, সরকার থেকে বিরোধী দলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা আগের মতো ক্ষমতার সুযোগ পাচ্ছেন না।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছেন তিনি। বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে দলের নেতাদের নানা কর্মকাণ্ড উঠে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির কর্মকাণ্ড নিয়ে শহীদ ওসমান হাদি তিনটি বিষয় চিহ্নিত করেছিলেন উল্লেখ করে রাশেদ খান বলেন, দলটি জুলাইয়ের ঐক্য নষ্ট করেছে, আওয়ামী লীগ যেভাবে ১৯৭১ সালের ইতিহাসকে নিজেদের মতো করে দেখিয়েছে, একইভাবে এনসিপি জুলাইকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে এবং দলটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ছিল। তবে সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ড আর তেমন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা এখন আর আগের মতো অপকর্ম করার সুযোগ পাচ্ছেন না। ইচ্ছামতো সচিবালয়ে কিংবা সচিবের কক্ষে ঢুকে কোনো কিছু করার সুযোগও নেই। তাঁর ভাষায়, ‘সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো।’

জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের খবর খুব একটা গণমাধ্যমে আসেনি। কিন্তু বর্তমানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ সামনে আসছে বলেও দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, শুধু সরকারি দলের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়ন নয়, বিরোধী দলেরও ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করা উচিত। এর মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহির পরিবেশ তৈরি হবে এবং সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ