Views Bangladesh Logo

আবার গোল্ডেন বুট জিতলেন এমবাপে

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে।

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে এই পুরস্কার জিতলেন ফরাসি তারকা। গত আসরেও এই স্বীকৃতি পান তিনি।

চার বছর আগের বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ মোট আট গোল করেছিলেন এমবাপে। এবার আট ম্যাচে তিনি গোল করেন ১০টি। দ্বিতীয় সর্বোচ্চ আট গোল মেসির।

১৯৭০ সালে পশ্চিম জার্মানির হয়ে জার্ড মুলারের (১০) পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনো এক বিশ্বকাপে গোলের দুই অঙ্ক স্পর্শ করেন এমবাপে।

বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি গোল আছে কেবল সান্দর কোচিশ (১৯৫৪ সালে হাঙ্গেরির হয়ে ১১টি) ও জুস্ত ফঁতেনের (১৯৫৮ সালে ফ্রান্সের হয়ে ১৩টি)।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে যান ফ্রান্স অধিনায়ক।

২২ ম্যাচে ২২ গোল নিয়ে তিনি আছেন চূড়ায়। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলে ২১ গোল নিয়ে দুইয়ে মেসি।

এবারের আসরে মেসি প্রথম পাঁচ ম্যাচেই আট গোল করে ফেলেন। কিন্তু শেষ তিন ম্যাচে জালের দেখা পাননি রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। ফাইনালে রোববার স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।

মেসি ও এমবাপে, দুজনই আসরে অ্যাসিস্ট করেন সমান চারটি করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ