Views Bangladesh Logo

এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

কুয়েতে স্ত্রীর ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ এবং তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এ রায় দেন। কুয়েতের সরকারি কৌঁসুলির কার্যালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ও নিহত ব্যক্তির নাম, বয়স, কর্মস্থল কিংবা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি। হত্যাকাণ্ডের সময় ও স্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি ও অভিযুক্ত বাংলাদেশির মধ্যে আগে বন্ধুত্বের সম্পর্ক ছিল। একবার অভিযুক্তের বাড়িতে বেড়াতে গিয়ে তাঁর স্ত্রীর অনুমতি ছাড়াই ছবি তোলেন ওই বন্ধু। পরে সেসব ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি।

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত বন্ধু ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। তাঁর দাবি, ছবিগুলো প্রকাশের পর সেগুলোতে তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। তবে বন্ধুটি ছবি মুছে ফেলতে রাজি হননি। বরং পরবর্তী সময়ে ফেসবুকে তাঁর স্ত্রীর আরও ছবি প্রকাশ করেন। এ নিয়ে দাম্পত্য জীবনে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনার জেরে বন্ধুর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত। সরকারি কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, তিনি একটি ছুরি সংগ্রহ করে বন্ধুর কর্মস্থলের বাইরে অপেক্ষা করতে থাকেন। বন্ধু সেখানে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়ার পর তিনি তাঁর বের হওয়ার অপেক্ষায় থাকেন।

একপর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। এতে ওই ব্যক্তি প্রাণ হারান।

আদালতের শুনানিতে অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেন। স্ত্রীর ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি। পরে ছবি সরাতে অস্বীকৃতি এবং আরও ছবি প্রকাশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করেন বলেও স্বীকার করেন।

আদালত হত্যাকাণ্ডটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত হিসেবে বিবেচনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশি ওই প্রবাসীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ