Views Bangladesh Logo

কুয়েতে হামলার পর দুই ইরানি কূটনীতিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান ও কুয়েতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কুয়েতে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।

বুধবার (৩ জুন) ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করা হয়েছে। খবর সিনহুয়ার।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের কূটনৈতিক মিশনের আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। একই সঙ্গে কুয়েত পুনর্ব্যক্ত করেছে যে, কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপপররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশান কুয়েতে নিযুক্ত ইরানি দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান হামিদ ইয়াকুবি ফারকে চলমান হামলার ঘটনায় একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছেন। ইরানি কূটনৈতিক মিশনের দুই সদস্যকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

আল-মাশান বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো ‘ধারাবাহিক ও প্রকাশ্য’ হামলার জবাব হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব হামলা কুয়েতের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব লঙ্ঘন করেছে বলে তিনি অভিযোগ করেন। কোনো দেশের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে কুয়েতের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করা হয়েছে—এমন ধারণা কুয়েত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র কুয়েত থেকে হামলা চালিয়েছে—ইরানের এমন দাবিও নাকচ করেন আল-মাশান। তিনি বলেন, কুয়েতের বিরুদ্ধে ইরানের অভিযোগ ভিত্তিহীন এবং এ ধরনের দাবি কুয়েতের ভূখণ্ড বা বেসামরিক স্থাপনায় হামলার কোনো বৈধতা দিতে পারে না।

এর কয়েক ঘণ্টা আগেই কুয়েত কর্তৃপক্ষ জানায়, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় একজন নিহত হয়েছেন, কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কূটনৈতিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ