Views Bangladesh Logo

অবরুদ্ধের পর মেডিকেলে ভর্তি কুয়েটের ভিসি, পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

সংঘর্ষের পর অবরুদ্ধ করে রাখায় অসুস্থ হয়ে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বর্তমানে অবরুদ্ধ অবস্থায় কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। অপরদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্রকল্যাণ পরিচালককে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এখনো ভিসি অবরুদ্ধ অবস্থায় আছেন এবং রাতভর তারা মেডিকেল সেন্টারে পাহারায় ছিলেন।

তাদের মধ্যে একজন শিক্ষার্থী বলেন, ‘ভিসি স্যার পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় শিক্ষার্থীরা সারারাত মেডিকেলের সামনে অবস্থান নেন। এখনো আছেন। তাকে দুপুর ১টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সঙ্গে উপাচার্য, উপ–উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে পদত্যাগ করতে হবে।’

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যর্থতার দায় স্বীকার করে নেয়ার জন্য ভিসি ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে ওই ঘটনায় ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেন তিনি। বলেছিলেন, ‘আমার কোনো ব্যর্থতা নাই। আমি কেন পদত্যাগ করব? এ রকম মারামারি টুকটাক হয়েই থাকে।’

ভিসির এই তাৎক্ষণিক মন্তব্যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এমনকি শিক্ষার্থীদের কেউ কেউ তাকে লক্ষ্য করে জুতা ছোড়েন। এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

এর আগে সকালে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ সময় দুইপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে রাতের বেলায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। যার মধ্যে রয়েছে কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি প্রদান এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ