কলকাতার সেই হোটেলের মালিক গ্রেপ্তার
ভারতের কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার ঘটনায় মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে একই ঘটনায় হোটেলের অন্যতম ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ওই ভবনে আগুন লাগলে নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিক ছিলেন। মর্মান্তিক এই ঘটনার পরপরই হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং আইনি বৈধতা নিয়ে ব্যাপক সমলোচনা শুরু হয়।
তদন্তকারীদের মতে, ওই ভবনটিতে জরুরি নির্গমনের মতো ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা ছিল না। পাঁচতলা বিশিষ্ট পুরো ভবনে যাতায়াত ও বের হওয়ার জন্য কেবল একটি লিফট এবং একটি মাত্র লোহার সিঁড়ি ছিল।
অনুসন্ধানে জানা গেছে, মূল মালিক বীরেশ্বর মিত্র ভবনটির তিন ও পাঁচতলায় অবস্থিত শিখা ইন হোটেলটি দুটি পৃথক ভাগে লিজ দিয়েছিলেন। একটি অংশের দায়িত্বে ছিলেন আবু জাফর এবং অপর অংশটি উমেশ ও জিতেন্দ্র সিং নামের দুই ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছিল। পুলিশ বর্তমানে বাকি লিজগ্রহীতাদেরও জিজ্ঞাসাবাদ করছে। অবহেলাজনিত মৃত্যু ও অগ্নিসুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারকৃত মালিককে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মতামত দিন