কলকাতায় আবাসিক হোটেলে আগুন, ইজারাদার গ্রেপ্তার
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির ইজারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই হোটেল কর্মীকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু জাফর। তিনি কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত 'হোটেল শিখা ইন'-এর ইজারাদার। কলকাতার এন্টালী মেইন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে শিখা ইন হোটেলটিতে আগুন লাগার খবর পায় নিউ মার্কেট থানা পুলিশ। সাথে সাথেই একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং একই সাথে ফায়ার সার্ভিস ও সিইএসসি কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। পরে দীর্ঘ সময় সেখানে উদ্ধার অভিযান চালিয়ে হোটেলটি থেকে প্রায় ৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজ চলাকালীন দুই নারী ও এক শিশুসহ নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার কতর্ব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কলকাতা পুলিশ। বর্তমানে দুর্ঘটনাস্থলটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন জানিয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক এবং দুজন ভারতীয়। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশুও রয়েছে।
ডেপুটি হাইকমিশনের তথ্যমতে, নিহতদের মধ্যে চারজনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য এবং অন্যজন ঢাকার বাসিন্দা। বাকী দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
এ ছাড়াও এ ঘটনার পর নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং স্বজনদের সহায়তায় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।
মতামত দিন