Views Bangladesh Logo

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন নেদারল্যান্ডস কোচ কোমান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে ছিটকে যাওয়ার রেশ কাটতে না কাটতেই বড় এক ধাক্কা খেল নেদারল্যান্ডস। ম্যাচ হারার পরদিনই, দলের প্রধান কোচের চেয়ার থেকে সরে দাঁড়ালেন রোনাল্ড কোমান।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য থাকার পর ম্যাচের ফল গড়ায় পেনাল্টিতে, যেখানে ভাগ্য সহায় হয়নি ডাচদের। মরক্কোর বিপক্ষে এই হারের ফলে বিশ্বকাপ অভিযান থেমে যায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানোর আগেই।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে কোমান জানান, দলের লক্ষ্য পূরণ না হওয়ার দায়ভার তিনি নিজেই নিচ্ছেন এবং এই ব্যর্থতা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। কোচ হিসেবে এমন পরিণতির দায় নিজের কাঁধে তুলে নেওয়াই স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

পরিসংখ্যান বলছে, পেনাল্টি শুটআউটে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা ডাচদের জন্য এবার পরপর তিনবারের ঘটনা। তবে আগের ১১ আসরে প্রতিবারই অন্তত শেষ ষোলো পর্যন্ত পৌঁছানো নেদারল্যান্ডসের জন্য এবারের বিদায় ছিল অনেকটাই অপ্রত্যাশিত। চার বছর আগে কাতারে তারা পা রেখেছিল কোয়ার্টার ফাইনালে।

সাবেক বার্সেলোনা ও আয়াক্স মিডফিল্ডার কোমান দ্বিতীয় মেয়াদে ডাচ দলের দায়িত্ব নেন ২০২২ বিশ্বকাপের পর, লুইস ফন গালের জায়গায়। তার কোচিংয়েই ২০২৪ ইউরোতে সেমিফাইনালে পৌঁছায় নেদারল্যান্ডস—২০১৪ সালের পর কোনো বড় টুর্নামেন্টে যা ছিল তাদের প্রথম সেমিফাইনাল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ