বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস
দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিল। এই সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানি এলিজাবেথের মৃত্যুর পর ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয় ব্রিটিশ রাজা চার্লসকে।
রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’
ধারণা করা হচ্ছে, ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে ব্রিটিশ রাজা ও রানির এই সফর।
জানা গেছে, তাদের সফরকে ঘিরে সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে। এরই মধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি করা শুরু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে